নওগাঁর ধামইরহাটে এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ
স্টাফ রিপোর্টার – শুভ চন্দ্র বর্মন।
অদ্য ২১ জুন ২০২৫, শনিবার দুপুরে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার গেটের সামনে নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
‘প্রশ্নফাঁস বন্ধ কর’, ‘শিক্ষায় দুর্নীতি চলবে না’, ‘আমরা ন্যায়বিচার চাই’—এমন নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে তাঁরা একটি শোভাযাত্রা বের করে উপজেলা গেট থেকে শুরু করে সদর বাজার নিমতলী মোড় হয়ে থানা গেট পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করেন।
এই কর্মসূচিতে ধামইরহাট উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “রাজশাহী শিক্ষা বোর্ড থেকে সিলগালা অবস্থায় পাঠানো প্রশ্নপত্র ট্রাংক থানা হেফাজতে থাকার পরও কিভাবে ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নফাঁসের অপচেষ্টা চালানো হলো, তা বোধগম্য নয়। এটি শিক্ষাব্যবস্থার প্রতি চরম আঘাত।” তাঁরা আরও বলেন, “এই চক্রের সদস্যদের দ্রুত আইনের আওতায় না আনলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে।”
বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চুরি এবং মাদকের বিস্তার নিয়েও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য আব্দুর রহমান ও নুর আলম, উপজেলা ছাত্রপ্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আলমগীর হোসেন আরাফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত, ছাত্রদল নেতা উমর ফারুক রোমন, পৌর ছাত্রদলের মওদুদ আহম্মেদ ও ফয়সাল আহমেদ, ধামইরহাট এমএম ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি কাওসার আহমেদ এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শাকিল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ঘটনার প্রেক্ষিতে দায়িত্বে অবহেলার অভিযোগে ধামইরহাট থানার একজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবলকে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ প্রশাসন।

0 Comments